খুলনার রূপসা উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী মিম্মি বেগম (৪৪) একই এলাকার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সকালে পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমের ওপর হামলা চালায়। পাশের একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন Bnc News কে জানান, সকাল ৮টার দিকে হামলার ঘটনা ঘটে এবং সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত নাদিমকে আটক করা হয়।
তবে আটককৃতকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তীব্র বাধার মুখে পড়ে পুলিশ। বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে অবস্থান নেন।
পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
